ভারতে বিবিসির ২ অফিসে অভিযান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ‘ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন' ডকুমেন্টারি সিরিজ প্রচারের পর থেকেই কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির তোপের মুখে রয়েছে বিবিসি। নানান বিতর্কিত ঘটনার পর মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সংবাদমাধ্যমটির দিল্লি ও মুম্বাই অফিসে তল্লাশি শুরু করে আয়কর কর্মকর্তারা।

স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আন্তর্জাতিক কর ও স্থানান্তর মূল্যে অনিয়মের অভিযোগ বিবিসির বিরুদ্ধে। তা নিয়ে জরিপ পরিচালনার কাজে বিবিসি অফিসে যায় আয়কর বিভাগ। তল্লাশি চলছে। কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

তবে কর কর্মকর্তারা তল্লাশির বিষয়টি অস্বীকার করে বলছেন, এটা জরিপেরই অংশ। বিবিসির অ্যাকউন্ট বুক চেক করা হচ্ছে।

এদিকে, ২০০২ সালে গুজরাটের দাঙ্গাকে ব্যবহার করে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন এমন অনেক কথাই বিবিসি তাদের ডকুমেন্টারিতে তুলে ধরেছে। এ প্রক্রিয়ায় কীভাবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং হিন্দুত্ববাদী নেতা-কর্মীদের পাশাপাশি ভারতের বিচারব্যবস্থা মোদিকে সাহায্য করেছে, তা দেখানো হয়েছে ডকুমেন্টারিতে।

প্রসঙ্গত, বিবিসি ২ চ্যানেলে ‘ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন’ তথ্যচিত্রটি জানুয়ারিতে ব্রিটেনে সম্প্রচার করা হয়।