শাহজাদপুরে এমপির সাথে ও ইউপি চেয়ারম্যানের দ্বন্দ্ব

যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করা নিয়ে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা ও শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেনের দ্বন্দ্ব এখন চরমে পৌঁছেছে।

এ নিয়ে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একে অপরের বিরুদ্ধে বিষোদ্‌গার করে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন। যা নিয়ে শাহজাদপুর উপজেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে মাজ্জান বন্যানিয়ন্ত্রণ বাধের উপর এমপি কবিতা ও তার ছেলে সুমগ্ন করিমের নামে যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসি মানববন্ধন ও বিক্ষোভ করে। এই মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় আব্দুল বাতেন দাবী করেন বালু উত্তোলনের সাথে এমপি কবিতা ও তার ছেলের লোকজন জড়িত।

এর প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব পোর্টালে চেয়ারম্যান বাতেনকে প্রতিবন্ধী ও পাগল বলে আখ্যায়িত করে বক্তব্য দেন এমপি কবিতা। এর পাল্টা জবাবে চেয়ারম্যান বাতেন এমপি কবিতাকে অর্বাচিন বলে মন্তব্য করেন।

ভিডিও বার্তা ও ফেসবুক পোস্টে এমপি কবিতা বলেন, চেয়ারম্যান আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমি কোনো বালু ব্যবসার সাথে জড়িত নই। তিনি আরও বলেন, আমি চেয়ারম্যানকে প্রতিবন্ধী এই কারণেই বলেছি, তিনি বলেছেন এবার এমপি মনোনয়ন পেলে নৌকা ফাটিয়ে দেবে। এ এলাকায় আমার জনপ্রিয়তা অনেক। তাই নৌকার তলি কেউ ফাটিয়ে দিতে পারবে না। আমি সত্যের পথে আছি, সবসময় থাকব।

এ বিষয়ে চেয়ারম্যান বাতেন ফেসবুক পোস্টে লিখেন ,‘আমার পরিবারের তিন ভাই আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। তিনি এমপি হয়ে একজন জনপ্রতিনিধির নামে এই ভাষায় কথা বলে এটা আমার জানা ছিল না। প্রধানমন্ত্রী আমাকে বারবার নৌকার মনোনয়ন দিয়েছেন। আমি তিনবারের চেয়ারম্যান। অথচ আমি নাকি পাগল, প্রতিবন্ধী।

এ নিয়ে মঙ্গলবার দুপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এমপি কবিতা দাবী করেন, একটি টিভি চ্যানেল ও বিভিন্ন পত্রিকায় তাকে জড়িয়ে যে নিউজ করা হয়েছে তা সম্পূর্ণ অপপ্রচার ও মিথ্যাচার।

তিনি আরও বলেন, একটি চক্র যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন শুরু করলে তিনি উদ্যোগী হয়ে প্রশাসনের সহযোগিতায় তা বন্ধ করে দেন। তার ৫দিন পর চেয়ারম্যান বাতেন বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেন।