‘আজ বসন্তের শুরু আর ভ্যালেন্টাইন। ভালোবাসার সঙ্গে রাখি বেঁধে রাখা দুটি দিন। কোনো একটি দিনেই সরবে ঘোষণা দিয়ে ভালোবাসার কথা হয়তো বড্ডই অকিঞ্চিৎকর। ভালোবাসা তো চির বসন্তের মতো সব সময়ই আমাদের মনে জাগিয়ে রাখার কথা। সেটাই সংগত। তবু হিংসায় উন্মত্ত এই পৃথিবীতে একটি দিনও নিজেদের ভালোবাসার প্রয়োজনের কথা, ভালোবাসার মানুষকে মনে করার কথা মন্দ কী! ভালোবাসার মধ্যে আছে কাউকে স্বতঃস্ফূর্তভাবে দেওয়ার আনন্দ। এই যে নিজের চেয়ে আরেকজনকে বড় করে ভাবা, আরেকজনের আনন্দের মধ্যে নিজের আনন্দকে পাওয়া, আরেকজনকে দিয়ে নিঃশেষ হয়েও নিজেকে পূর্ণ বলে অনুভব করাভালোবাসাই তো সেটা দিতে পারে। ভালোবাসাই নিঃস্বার্থের সবচেয়ে বড় শিক্ষক। আমরা যদি সত্যই ভালোবাসতে শিখি, তাহলেই পৃথিবীর বেদনার বড় ছায়াটা সরে যায়। ফুটপাতে যে বৃদ্ধটা রাতের বেলা শীতে কাঁপছে তার জন্য ভালোবাসা; বখাটেদের হাতে লাঞ্ছিত যে কিশোরীটি ঘরের কোণে আত্মহত্যায় উদ্যত তার জন্য ভালোবাসা; ভূমিকম্পের তুরস্কে মা-বাবাকে হারানো যে সদ্যোজাত শিশুটি ভগ্নস্তূপ থেকে উদ্ধার পেল তার জন্য ভালোবাসা; মন্দির চূর্ণ করে দেওয়ার পর সেখানে মাথা ঠুকছেন যে পূজারি তার জন্য ভালোবাসা। আমরা ভালোবাসি।’
গতকাল বিশ্ব ভালোবাসা দিবসে নিজের ফেইসবুক পেজে এমন ভালোবাসার অনুভূতি ব্যক্ত করেন দুই বাংলার প্রখ্যাত অভিনেত্রী জয়া আহসান। ব্যক্তিজীবনে ভালোবাসার সম্পর্ক নিয়ে বরাবরই চুপ থাকা অভিনেত্রীর এমন প্রেমময়ী স্ট্যাটাস তাই ভক্ত-দর্শককে অন্য রকম আনন্দ দিয়েছে।