ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে মেটালিকা

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আড়াই লাখ ডলার সহায়তা দিয়েছে মার্কিন হেভি মেটাল ব্যান্ড মেটালিকা। নিজস্ব দাতব্য সংগঠনের মাধ্যমে এই সহায়তা দিয়েছে ব্যান্ডটি।

আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মেটালিকার দাতব্য সংগঠনটির নাম অল উইদিন মাই হ্যান্ডস। মাইক্রো ব্লগিং সাইট টুইটারে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘তুরস্কের দক্ষিণাঞ্চলে ও সিরিয়ার উত্তরাঞ্চলে ধ্বংসযজ্ঞে আমরা নির্বাক হয়ে পড়েছি’।

সংগঠনটি ডাইরেক্ট রিলিফ ও ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন নামের দুটি অলাভজন প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার ডলার করে দিচ্ছে, যা জরুরি স্বাস্থ্য সেবা ও খাবারের জন্য ব্যয় করা হবে।

১৯৮১ সালে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে প্রতিষ্ঠিত হয় মেটালিকা। জনপ্রিয়তার দৌড়ে ব্যান্ডটি কেবল সবাইকে হারিয়েই দেয়নি, সেই জনপ্রিয়তা ধরে রেখেছে আজ পর্যন্ত। মেটালিকার টানা পাঁচটি অ্যালবাম মুক্তির প্রথম সপ্তাহে বিলবোর্ডের শীর্ষে ছিল। ২০০৯ সালে রক অ্যান্ড রোল হল অব ফেমে স্থান পায় ব্যান্ডটি।