নিকি হ্যালি এবার ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী

যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান নেত্রী ও সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালি। গেল মঙ্গলবার প্রকাশ করা এক ভিডিওতে হ্যালি এই ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে নিকি হ্যালি রিপাবলিকান নেতা ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই প্রথম সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। ট্রাম্প ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে আগে থেকেই মাঠে রয়েছেন। আগে নিকি হ্যালি বলেছিলেন, ট্রাম্প যদি আবার প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে তিনি তাকে চ্যালেঞ্জ জানাবেন না। কিন্তু হ্যালি এখন আগের অবস্থান থেকে সরে এলেন। ট্রাম্প ও হ্যালি ছাড়া রিপাবলিকান দলের আর কেউ এখন পর্যন্ত আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেননি। ভারতীয় বংশোদ্ভূত ৫১ বছর বয়সী নিকি হ্যালির জন্ম দক্ষিণ ক্যারোলাইনার এক পাঞ্জাবি শিখ পরিবারে। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য নির্বাচিত হন তিনি। ২০১০ সালে হয়েছিলেন দক্ষিণ ক্যারোলাইনার গভর্নর। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাকলিকান প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া চলার সময় তিনি ট্রাম্পবিরোধী শিবিরে ছিলেন। অবশ্য পরে তিনি শিবির বদলান।