মাদারীপুরে জেলা ও দায়রা জজের মাইক্রোবাসের চালককে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করার ঘটনায় দায়েরকৃত মামলায় জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে স্বশরীরে হাজির হওয়ার জন্যে সমন জারি করেছে আদালত। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন সমন জারির আদেশ দেন।
বুধবার(১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জজের চালক হাফিজুর রহমান বাদী হয়ে সরকারি কাজে বাঁধা দান এবং মারপিট করার অভিযোগ এনে এ মামলা দায়ের করেন। সেদিনই বাদির অভিযোগ আমলে নেয় আদালত। আগামী ১৬ মার্চ পল্লব কুমার হাজরাকে সশরীরে হাজির হওয়ার জন্য নোটিশে উল্লেখ করা হয়।
মামলার বিবরণে জানা গেছে, মঙ্গলবার রাত ৯ টার দিকে মাদারীপুর সার্কিট হাউস থেকে জেলা জজের মাইক্রোবাস বের হওয়ার সময় বিপরীতমুখ হতে কোন ইন্ডিকেটর না দিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব হাজরার প্রাইভেটকার প্রবেশের সময় মুখোমুখি হয়। এ সময় চালকের আসনে বসা পল্লব হাজরা বের হয়ে চালককে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে দুই ঘণ্টা আটকে রাখেন।
অভিযোগের বিষয়ে পল্লব কুমার হাজরা বলেন, মামলা দায়ের ও সমন জারির নোটিশ জারির কথা শুনেছি। নোটিশ হাতে পেলে যথাযথ পদক্ষেপ নেব। তবে আমার সাথে ওই চালক দুর্ব্যবহার করেছে, যা আমি বুধবার সকালে লিখিতভাবে জেলা ও দায়রা জজকে জানিয়েছি।