গাজীপুর সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ তিন প্রার্থীর নাম ঘোষণা করেছে। গত বুধবার রাতে ঢাকায় দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড এসব প্রার্থীর নাম ঘোষণা করে।
নৌকা প্রতীকের প্রার্থীরা হলেন ভাওয়ালগড় ইউনিয়নে আলহাজ সালাহ উদ্দিন সরকার, পিরুজালী ইউনিয়নে মো. জালাল উদ্দিন ও মির্জাপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন দুলাল।
তবে চেয়ারম্যান পদে বিএনপি তাদের কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। ইউপি নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না তাও এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দলীয় প্রতীক ছাড়া এসব ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড়, পিরুজালী ও মির্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ হবে ১৬ মার্চ।
এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এসব ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদে সম্ভাব্য প্রার্থীরা ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ জানান, ওই তিন ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোট হবে।