সমাজ পরিবর্তনকারী বই চাই

রাজধানীর বাড্ডা থেকে বন্ধুদের সঙ্গে বইমেলায় এসেছেন সাইফুল বারী। এরই মধ্যে গীতিকার হিসেবে সাংস্কৃতিক অঙ্গনে বেশ সাড়া ফেলেছেন। তার পছন্দের লেখকদের মধ্যে হুমায়ূন আহমেদ, দীপু মাহমুদ, শাহআলম সাজু, রকিবুল আমিনসহ আরও কয়েকজন রয়েছেন বলে জানান। তার মতে, গল্প-উপন্যাস সাহিত্যপ্রেমীদের মনের খোরাক।

গতকাল বৃহস্পতিবার বইমেলার ১৬তম দিনে দেশ রূপান্তরের সঙ্গে কথা হলে এসব কথা বলেন সাইফুল বারী। তিনি বলেন, সমাজ পরিবর্তনকারী লেখকের লেখা পড়তে চাই। যাদের লেখা পড়ে পথহারা পথিক সত্য পথ চিনতে পেরেছেন। এবারের মেলা কেমন লাগছে জানতে চাইলে সাইফুল সমাজ পরিবর্তনকারী বই চাই বলেন, মেলার সার্বিক পরিস্থিতি দারুণ লাগছে। বন্ধুদের সঙ্গে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখছি।

মেলায় কোন বিষয় যুক্ত হওয়া জরুরি এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বইমেলা মানে হার্ডকপির বইয়ের ছড়াছড়ি। তবে এর থেকে বেরিয়ে অ্যাপ আকারে বইগুলো প্রকাশ করলে আরও বেশি ভালো হতো।

পড়ার ক্ষেত্রে কোন বইকে বেশি প্রাধান্য দিতে চান জানতে চাইলে বারী দেশ রূপান্তরকে বলেন, উপন্যাস, ছোটগল্প, কবিতা, ভ্রমণ কাহিনী পড়া হয়। এর মধ্যে উপন্যাসকে বেশি প্রাধান্য দেব।

মেলার নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে এ পাঠক বলেন, মেলার প্রবেশমুখে নিরাপত্তা বলয় বেশ ভালো। তবে প্রবেশদ্বারের ধুলোবালি কিছুটা অস্বস্তিতে ফেলেছে।

বইয়ের দাম প্রসঙ্গে তিনি বলেন, অন্যবারের চেয়ে এবারে বইয়ের দাম অনেক বেশি। কর্র্তৃপক্ষের এই ব্যাপারটায় নজর দেওয়া খুবই দরকার বলে মনে করি।