ট্রেনে কেটে কিশোরগঞ্জে কলেজছাত্র এবং জয়পুরহাটের আক্কেলপুর ও ফেনীতে দুই রিকশাচালক নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর :
কিশোরগঞ্জ : শহরতলির কানিকাটা এলাকায় চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শাকিন আহমেদ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শাকিন নানাবাড়ি থেকে শহরের গুরুদয়াল সরকারি কলেজে পড়াশোনা করতেন। তিনি দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কানিকাটা এলাকায় রেললাইনে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান শাকিন।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি আমিনুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জয়পুরহাট : আক্কেলপুর বেগুনবাড়ী রেলগেটে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চার যাত্রী। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালক আতাউর রহমান (৪৮) আক্কেলপুর উপজেলার রোয়াইড় গ্রামের মোতারব হোসেনের ছেলে। আহতরা হলেন মজিদা বেগম (৪১), ফাতেমা বেগম (৪২), তানিয়া খাতুন (১২) ও আজমিরা আক্তার (১৩)।
স্থানীয়রা জানায়, অটোরিকশাটি রেলগেটে ওঠার পর উল্টে যায়। তখন ট্রেন আসছে দেখে চালক অটোরিকশাটি রেললাইনের ওপর থেকে সরাতে যান। এ সময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চালকের মাথা ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার হাসিবুল ইসলাম বলেন, বেগুনবাড়ী রেলগেটটি অনুমোদনহীন। এ কারণে সেখানে কোনো গেটম্যান নেই।
ফেনী : ট্রেনে কাটা পড়ে আবদুল হালিম (৫০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ফেনী রেলস্টেশনের অদূরে গুদাম কোয়ার্টার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল হালিম বাগেরহাটের মোরেলগঞ্জের সাওলিয়া এলাকার মৃত বশির উদ্দিন শেখের ছেলে। তিনি ফেনীতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
রেল-পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, ট্রেন আসার সময় হলে গেটম্যান গেট বন্ধ করে দেন। কিন্তু হালিমের রিকশাসহ বেশ কিছু গাড়ি উল্টো পথে গিয়ে রেললাইনে চলে আসে।