মুক্তিযুদ্ধে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান সব জাতি-ধর্ম-বর্ণের মানুষ এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্তের এই দেশে ধর্মীয় নিরপক্ষতা বজায় রেখে সবাই সমান অধিকার নিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে বসবাস করছি। ধর্মীয় সম্প্রীতির এই দেশে ধর্মকে ব্যবহার করে একটি মহল রাজনীতি করার চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন গতকাল শুক্রবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরের পেড়ালবাড়ি শ্রীশ্রী সীতানাথ মহাক্ষেত্র ধামে রায় সাহেবঠাকুর পঞ্চানন ব্রহ্মার ১৫৮তম জন্মোৎসব উদযাপন উপলক্ষে ক্ষত্রিয় মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শ্রী গোরাচাঁদ অধিকারী মহাসম্মেলনের উদ্বোধন করেন।
ডা. বসন্ত কুমার রায়ের সভাপতিত্বে মহাসম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা নৃপেন্দ্রনাথ রায়, সম্মেলনের আহ্বায়ক নির্মল চন্দ্র বর্মণ, কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন চৌধুরী এবং ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কুচবিহার জেলাসহ কলকাতার ক্ষত্রিয় সমিতির নেতারা উপস্থিত ছিলেন। মহাসম্মেলনে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার ক্ষত্রিয় সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ অংশ নেয়।