সিজেএফবি-তে সেরা ওটিটি চরকি

কালচারাল জার্নালিস্টস ফোরাম অফ বাংলাদেশ (সিজেএফবি) আয়োজিত কিউকম-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২১- এ চরকি ৬টি পুরস্কার জিতেছে। শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসেছিল এই অ্যাওয়ার্ড শো-য়ের ২১তম আসর।

ওটিটি বিভাগের ৯টি ক্যাটাগরিতে ১৬টি নমিনেশন ছিল চরকির। সেখান থেকে ৬টি পুরস্কার উঠল চরকির ঝুলিতে। সেরা ওটিটির খেতাব পেয়েছে চরকি। এই বিভাগে চরকির সাথে মনোনয়ন পেয়েছিল পার্শ্ববর্তী দেশ ভারতের দুইটি ওটিটি প্ল্যাটফর্ম হৈচৈ ও জি৫। সেই সাথে সেরা ওয়েবফিল্ম হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম ‘মুন্সিগিরি’ ও সেরা ওয়েব সিরিজ হয়েছে ‘ঊনলৌকিক’। আর এই সিরিজের জন্য সেরা অভিনেতা (পুরুষ) হয়েছেন ইন্তেখাব দিনার। খাঁচার ভেতর অচিন পাখি সিনেমার জন্য তমা মির্জা পেয়েছেন সেরা অভিনেত্রীর খেতাব। ওয়েবফিল্মের সেরা পরিচালক সম্মাননা পেয়েছেন চরকি অরিজিনাল ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

বরাবরের মতো আজীবন সম্মাননা পুরস্কার, বিশেষ পুরস্কারসহ চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত এবং ডিজিটাল মিডিয়া ক্যাটাগরিতে বছর সেরা পারফরম্যান্সের ভিত্তিতে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘সিজেএফবি অ্যাওয়ার্ড ২০২১-এ চরকির এই অর্জন সত্যিই আনন্দের। এই অ্যাওয়ার্ডে যারা নমিনেশন পেয়েছেন আর যারা পুরস্কার জিতেছেন সকলকে অভিনন্দন জানায়। সেই সাথে এতো সুন্দর আয়োজনের সাথে যারে যুক্ত ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা।’

এক নজরে পুরস্কারসমূহঃ

  • সেরা ওটিটি- চরকি
    সেরা ওয়েবফিল্ম- মুন্সিগিরি
    সেরা সিরিজ- ঊনলৌকিক
    সেরা অভিনেতা (পুরুষ) সিরিজ- ইন্তেখাব দিনার, ঊনলৌকিক
    সেরা অভিনেতা (নারী) সিনেমা- তমা মির্জা, খাঁচার ভেতর অচিন পাখি
    সেরা পরিচালক (সিনেমা)- নেটওয়ার্কের বাইরে- মিজানুর রহমান আরিয়ান