বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের গৌরবগাথা ইতিহাস জানাতে দিনাজপুরের পার্বতীপুর স্টেশনে বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ রেল জাদুঘর নির্মাণ করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে একটি বগিকে সুসজ্জিত করে এ জাদুঘর নির্মাণ করা হয়।
স্টেশনে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে অবস্থান করছে ভ্রাম্যমান রেল জাদুঘর। রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯-১ টা এবং বিকেল ৪-৮ টা পর্যন্ত জাদুঘরটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। রেল জংশনের ২নং প্ল্যাটফর্ম সংলগ্ন ওয়াশফিটে রাখা হয়েছে জাদুঘর হিসেবে নির্মিত ট্রেনের বগিটি।
বিনা টাকায় রেল জাদুঘরটি দেখতে ছুটছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও সাধারণ মানুষ।
ভ্রাম্যমান রেল জাদুঘরে গিয়ে দেখা যায়, পার্বতীপুর-রংপুর সড়কে অবস্থিত এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক আরাফাত জামিল তার স্কুলের ৩৫ জন শিক্ষক ও ৫ শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে এসেছেন যাদুঘর দেখতে।
৬ষ্ট শ্রেণির ছাত্রী আয়ান বিনতে ফিরোজ ও ৭ম শ্রেণির ছাত্রী সিরাজুন মুনিরা বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত বগিটি অত্যন্ত সুন্দর ও পরিপাটি করে সাজানো হয়েছে। হেড ফোন লাগিয়ে শুনেছি মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ। এছাড়াও বঙ্গবন্ধুর জীবনীকে ফুটিয়ে তোলা হয়েছে ভিডিওর মাধ্যমে। জাদুঘরে বঙ্গবন্ধুর ব্যবহৃত চশমা, জাতীয় স্মৃতিসৌধ, জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণ, স্বদেশ প্রত্যাবর্তনের ছবি রাখা হয়েছে যা কখনো দেখা হয়নি আমাদের।
পার্বতীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল হক প্রধান বলেন, রেল জাদুঘরটি শিক্ষার্থীদের দেখার ব্যবস্থা করলে তারা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে অনেক কিছু জানতে পারবে।