৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ করতে চায় সরকার

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য খেলাধুলাকে পেশাদার পর্যায়ে নিয়ে যাওয়া। এ লক্ষ্যে নতুন করে খেলাধুলার কার্যক্রম শুরু করে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার কাজ চলছে।

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পিএম

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের ৪ হাজার ৫৯৯ ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। এ লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকরা কাজ করছেন। পাশাপাশি জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে খেলাধুলার উপযোগী করে তোলা হবে, যাতে সেখান থেকে ভালো মানের খেলোয়াড় বেরিয়ে আসতে পারেন।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের হাজীপাড়া এলাকায় ইমপ্যাক্ট (ফেজ-৩) প্রকল্পের আওতায় পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন করেন এবং পাঁচজন উদ্যোক্তাকে ঋণ প্রদান করেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য খেলাধুলাকে পেশাদার পর্যায়ে নিয়ে যাওয়া। এ লক্ষ্যে নতুন করে খেলাধুলার কার্যক্রম শুরু করে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার কাজ চলছে।

তিনি আরও বলেন, শিক্ষিত ও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে ফ্রিল্যান্সিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়নের উদ্যোগ রয়েছে। প্রতিটি জেলার যুব উন্নয়ন অধিদপ্তর ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এসব প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীরা নিজেদের দক্ষ করে গড়ে তুলবেন এবং কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

আমিনুল হক বলেন, প্রশিক্ষণের মান উন্নত করা হবে, যাতে প্রশিক্ষণপ্রাপ্তরা বিদেশেও কাজের সুযোগ পান। পাশাপাশি দেশের জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিটি বাড়িতে এবং গরুর খামার রয়েছে এমন এলাকায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বাড়ি বাড়ি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা গেলে দেশের জ্বালানি সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে। একই সঙ্গে তরুণরা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও সংযোগ দেওয়ার মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আয় করতে পারবেন।

আগামী বাংলাদেশকে সমৃদ্ধ ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।

এ সময় নীলফামারীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত