সিরাজগঞ্জের তাড়াশে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুসকে (৫৩) গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে চারমাথা বাজারে তার ছেলের দোকানে বসে থাকা অবস্থায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তেরা।
নিহত আব্দুল কুদ্দুস দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথা গ্রামের বাসিন্দা। তিনি ঐ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সভাপতি।
এ বিষয়ে নিহতের ছেলে মো. রুহুল আমীন বলেন, হত্যাকারীরা পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্য। তারা উপর্যুপরি গুলি করে আমার বাবাকে হত্যা করে পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭ টার দিকে দিকে ২০/২৫ জন লোক পূর্ব বাংলার সর্বহারা পার্টির সদস্য দাবি করে চারমাথা বাজারে ঢুকে হ্যান্ড মাইক দিয়ে সবাইকে বাজার ছাড়তে বলে। এ সময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে, পুরো এলাকায় আতংক সৃষ্টি হয়। এরপর ছেলের কীটনাশকের দোকানে ঢুকে অতর্কিতভাবে গুলি চালিয়ে আব্দুল কুদ্দুসকে হত্যা করে।
ইউপি চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক বলেন, দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে আব্দুল কুদ্দুসকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
উল্লাপাড়া-তাড়াশ থানা সার্কেলের সহকারি পুলিশ সুপার অমৃত সূত্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ওসির নেতৃত্বে একটি টিম সেখানে পাঠিয়েছি। ঘটনা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।