আসছে রমজান মাসে নিত্যপণ্যের কোনো সংকট হবে না। রমজান আমাদের সিয়াম সাধনার মাস। এ মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এখনই সরকার পদক্ষেপ নিচ্ছে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আবার শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে। আগামী নির্বাচনে জনগণ আবার আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করবে।
মন্ত্রী বলেন, বিএনপির পায়ের নিচে মাটি নেই, তাদের কথায় রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে না; সরকারের পতন হবে না। বিএনপির দাবি অনুয়ায়ী তত্ত্বাবধায়ক সরকার আর আসবে নাÑআমাদের সংবিধানে নেই। আন্দোলনের নামে বিএনপি ২০১৫ সালের মতো তা-ব সৃষ্টির অপচেষ্টা করছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফোরামের সভাপতি গোলাম সামদানি, প্রাক্তন শিক্ষার্থী ও স্কয়ার হাসপাতালের পরিচালক ডা. সানোয়ার হোসেন, আমেরিকা প্রবাসী ব্যবসায়ী ফজলুল করিম বাচ্চু, প্রকৌশলী আজিজুর রহমান, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন প্রমুখ বক্তব্য দেন। পুনর্মিলনী অনুষ্ঠানে পাইস্কা উচ্চ বিদ্যালয়ের দুই হাজারেরও বেশি নবীন-প্রবীণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।