আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যার প্রধান কারিগর ছিলেন জিয়াউর রহমান। খুনি জিয়াউর রহমানের দল হচ্ছে বিএনপি। বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তার বাবা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, আর ছেলে তারেক রহমান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে ২০০৪ সালের ২১ আগস্ট একটি দুটি নয়, ১৪টি গ্রেনেড ছুড়েছিল। আল্লাহপাক রাব্বুল আলামিন শেখ হাসিনাকে রক্ষা করেছেন। এই খুনির রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। তারা শুধু খুনি নয়, স্বাধীনতার বিরোধী। বিএনপি সমস্ত স্বাধীনতা বিরোধীদের প্ল্যাটফর্ম।
গতকাল শনিবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এর আগে সকাল ১০টার দিকে গজারিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন। প্রধান বক্তা ছিলেন সাংসদ মৃণাল কান্তি দাস।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহশিন চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, শেখ লুৎফর রহমান, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব প্রমুখ।