বিএনপিকে নির্বাচনে আনতে এত খাতির কিসের, প্রশ্ন ইনুর

বিএনপি স্বাধীনতাবিরোধী জামায়াতের দোসর এমন মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) (একাংশ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি ও রাজাকারদের নির্বাচনে আনার জন্য এত খায়খাতির কিসের? আমাদের ফয়সালা করতে হবে বাংলাদেশে আর কোনো দিন রাজাকার সমর্থিত সরকার হবে না।’

গতকাল রবিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ইনু এসব কথা বলেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।

ইনু বলেন, ‘যারা জয় বাংলা ধ্বনি, জাতির পিতা, বাংলাদেশর মূলনীতি মানে না, তাদের দেশের রাজনীতি থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। ২৭ দফা ও জাতীয় সরকারের নামে বিএনপি যুদ্ধাপরাধী ও জঙ্গিদের সঙ্গে রাজনৈতিক পাটনারশিপের ওকালতি করেছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের ৫০ বছরের পরেও রাজনৈতিক অঙ্গনে উনসত্তর, একাত্তর, ১৫ আগস্ট ও ২১ আগস্টের খুনিদের দোসর বিএনপির পক্ষ হয়ে বাংলাদেশে রাজাকার ও সাম্প্রদায়িক রাজনীতি হালাল করার চক্রান্ত চালাচ্ছে।