শার্শা সীমান্তে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

যশোরের শার্শা সীমান্ত থেকে দুইটি নাইন এম এম পিস্তল, দুইটি ম্যাগজিন ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করতে পারিনি তারা।

শার্শার অগ্রভুলাট ক্যাম্পের সদস্যরা রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারত থেকে অস্ত্রের একটি চালান বাংলাদেশে আসবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে অগ্রভুলাট দক্ষিণপাড়া পাকা রাস্তার পার্শ্বে অবস্থান নেয়। এসময় একজনকে মোটরসাইকেল যোগে আসতে দেখে। ওই ব্যক্তিকে থামিয়ে তল্লাশিকালে তিনি লুঙ্গি খুলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান হতে ২টি নাইন এমএম পিস্তল (ইউএসএ), ২টি খালি ম্যাগাজিন এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান। অস্ত্রের চালানটি শার্শা থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানান অধিনায়ক।