অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরি করায় জরিমানা

বগুড়ায় দই কারখানায় যৌথ অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় রফাত দই ঘরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দুপুরে রফাত দই তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে দই প্রস্তুতের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী রফাত দই ঘরকে ৫০ হাজার টাকা জরিমানা করে।

অভিযানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়ার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এ যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযানে অব্যাহত থাকবে।