রাশিয়াকে প্রাণঘাতী কোনো অস্ত্র বা উপকরণ দিয়ে সহায়তা না করার জন্য চীনকে বারণ করেছিল যুক্তরাষ্ট্র। জবাবে, ওয়াশিংটনকে দোষ না চাপিয়ে নিজের চরকায় তেল দিতে বলল বেইজিং। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিন নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে নিজেদের কার্যকলাপের দিকে নজর দেওয়ার অনুরোধ জানাচ্ছি। তারা দোষ না চাপিয়ে এবং মিথ্যে তথ্য না ছড়িয়ে পরিস্থিতির উন্নয়নে শান্তি ও আলোচনার পথ সুগম করুক’।
তিনি আরও বলেন, ‘কোন পক্ষ আলোচনার আহ্বান জানাচ্ছে, শান্তির স্বপক্ষে লড়ছে এবং কোন পক্ষ জ্বলন্ত আগুনে তেল ঢেলে প্রতিপক্ষকে আগ্রাসন চালিয়ে যেতে উৎসাহিত করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিষয়টি পরিষ্কার’।
এ সময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যুক্তরাষ্ট্র নিরবচ্ছিন্নভাবে যুদ্ধক্ষেত্রে অস্ত্র পাঠাচ্ছে বলে অভিযোগ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অভিযোগ করেন, চীন রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে ‘প্রাণঘাতী সহায়তা’ দেওয়ার কথা বিবেচনা করছে। জবাবে এ দাবির তীব্র প্রতিবাদই করল বেইজিং।