এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ৩০ এপ্রিল, চলবে ২৩ মে পর্যন্ত। গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো তাদের ওয়েবসাইটে এ সূচি প্রকাশ করে।
সূচিতে দেখা গেছে, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসএসসি পরীক্ষা হবে। পরীক্ষা শুরুর দিন অর্থাৎ ৩০ এপ্রিল বাংলা প্রথম পত্র, ২ মে বাংলা দ্বিতীয় পত্র, ৩ মে ইংরেজি প্রথম পত্র, ৭ মে ইংরেজি দ্বিতীয় পত্র, ৯ মে গণিত, ১০ মে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ১১ মে ধর্ম শিক্ষার পরীক্ষা হবে।
এ ছাড়া ১৪ মে পদার্থবিজ্ঞান, ১৫ মে গার্হস্থ্যবিজ্ঞান, ১৬ মে রসায়ন, ১৭ মে ভূগোল ও পরিবেশ, ১৮ মে জীববিজ্ঞান, ২১ মে বিজ্ঞান, ২২ মে হিসাববিজ্ঞান ও ২৩ মে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পরীক্ষা হবে। ২৪ থেকে ৩০ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের এসএসসি পরীক্ষা সব বিষয়েই নেওয়া হবে। প্রতি বিষয়ে স্বাভাবিক সময় বা তিন ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা হবে।
এর আগে প্রায় এক দশক ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি আর এইচএসসি এপ্রিল মাসে নেওয়া হচ্ছিল। করোনা পরিস্থিতিতে গত তিন বছর এ সূচি ল-ভ- হয়ে যায়। পাশাপাশি সিলেবাসও কাটছাঁট করা হয়। তবে এ বছর থেকে আবার স্বাভাবিক নিয়মে ফিরছে পাবলিক পরীক্ষা।