কনের পরিবার পুরনো ফার্নিচার দেওয়ার নিজের বিয়ে ভাঙলেন বর। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সোমবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিয়ের তারিখ পাকা হয়েছিল আগেই। খাওয়া-দাওয়ার ব্যবস্থা ও অতিথিদের নিমন্ত্রণ করার প্রস্তুতিও শেষ করেছিল কনের পরিবার। কিন্তু মনমতো যৌতুক না পেয়ে বিগড়ে গেছে ছেলেপক্ষের মন। এ ঘটনায় মামলা দায়ের করেছে কনের পরিবার।
অভিযুক্ত বর পেশায় একজন বাসচালক। গত রোববার নির্ধারিত ছিল বিয়ের দিন। কিন্তু যৌতুক নিয়ে মনোমালিন্যে কনের বাড়িতে বিয়ের জন্য উপস্থিত হননি বর।
কনের বাবা জানান, মেয়ের বিয়ের জন্য পাত্রের বাড়ি থেকে যৌতুক হিসেবে টাকাপয়সা ছাড়াও বেশ কিছু ফার্নিচার এবং অন্যান্য জিনিস দাবি করা হয়েছিল। বিয়ের আগেই তিনি তা পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু তারপরেও বিয়ে করতে আসেনি বর। এরপর তিনি পাত্রের বাড়িতে গেলে সেখানে বরের বাবা তার সঙ্গে দুর্ব্যবহার করেন।
কনের বাবা বলেন, তারা বলছে যে জিনিসগুলো তারা চেয়েছিল তা দেওয়া হয়নি এবং ফার্নিচারগুলো পুরনো। আমি বিয়ের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছিলাম এবং সমস্ত আত্মীয়-স্বজন ও অতিথিদের আমন্ত্রণ করেছিলাম।
পুলিশের মতে, ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) ও যৌতুক নিষেধাজ্ঞা আইনের প্রাসঙ্গিক ধারায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।