ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি স্থাপনের তৎপরতার বিষয়ে ‘গভীর উদ্বেগ ও হতাশা’ প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গেল সোমবার এক বিবৃতিতে এই হতাশা প্রকাশ করা হয়। নিরাপত্তা পরিষদের প্রেসিডেনশিয়াল এই বিবৃতিটি যুক্তরাষ্ট্রসহ পরিষদের ১৫ সদস্যের সবাই অনুমোদন করেছে। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। কাউন্সিল বলেছে, ‘ইসরায়েলি বসতি স্থাপনের কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে দ্বি-রাষ্ট্র সমাধানের কার্যকারিতাকে বাধাগ্রস্ত করা হচ্ছে।’
এই বিবৃতিতে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করছে নিরাপত্তা পরিষদ। আলজাজিরা বলছে, চলতি মাসের শুরুর দিকে ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে হাজার হাজার বসতি স্থাপনের অনুমোদন এবং বেআইনিভাবে নির্মিত সেটেলমেন্ট ফাঁড়িগুলোকে বৈধ করার জন্য ইসরায়েলি সরকারের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় জাতিসংঘের প্রতীকী এই পদক্ষেপ।
জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর সাংবাদিকদের বলেন, ‘আমরা খুবই খুশি। এর মাধ্যমে অবৈধ, একতরফা পদক্ষেপের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের শক্তিশালী ও ঐক্যবদ্ধ একটি বার্তা দেওয়া হলো।’