টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে জয়ী হয়েছে। আর আওয়ামী লীগ সমর্থিত সম্মলিত আইনজীবী সমন্বয় পরিষদ নয়টি পদে জয়ী হয়েছে।
গত সোমবার গভীর রাতে এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আতোয়ার রহমান আলো এ ফলাফল ঘোষণা করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে ৩৫৩ ভোট পেয়ে মাইদুল ইসলাম শিশির ও সাধারণ সম্পাদক পদে ৩৬৭ ভোট পেয়ে আবুল কাশেম মো. মুনসুর আহম্মেদ খান বিপন নির্বাচিত হন। এ ছাড়া এ পরিষদ থেকে সাহিত্যবিষয়ক সম্পাদক পদে জামিউল হক সুমন, নির্বাহী সদস্য আতোয়ার রহমান মল্লিক ও তোফাজ্জল হোসেন (আলম) নির্বাচিত হন।
আওয়ামী লীগ সমর্থিত সম্মলিত আইনজীবী সমন্বয় পরিষদের সহসভাপতি ইমরুল কায়েস বুলবুল, জোয়াহেরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক জাহিদ শামস, লাইব্রেরি সম্পাদক ইকবাল হোসেন, ক্রীড়া সম্পাদক অনুপম দে অপু, নির্বাহী সদস্য শাহীনুজ্জামান শাহীন, আল আমিন, সৈয়দ মুহাম্মদ শাহানুর আল আজাদ ও শামসুন্নাহার স্বপ্না নির্বাচিত হন।
অ্যাডভোকেট আতোয়ার রহমান আলো জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে।