নরসিংদীর রায়পুরায় কলাগাছ দিয়ে তৈরি কে এস এ পাবলিক স্কুলের শহীদ মিনারটি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার পলাশতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্কুল সূত্রে জানা যায়, স্কুলে স্থায়ী শহীদ মিনার না থাকায় একুশে ফেব্রুয়ারিতে শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণে গত সোমবার বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় শহীদ মিনারটি নির্মাণ করা হয়। এরপর শিক্ষক-শিক্ষার্থীরা বাড়ি চলে যায়। পরে ভোরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রভাতফেরিতে এসে দেখতে পায় শহীদ মিনারটি দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে।
বিদ্যালয়ের শিক্ষক আকলিমা আক্তার বলেন, ‘বিদ্যালয়ে ১৫০ শিক্ষার্থী লেখাপড়া করে। স্থায়ী শহীদ মিনার না থাকায় কলাগাছ দিয়ে শহীদ মিনার নির্মাণ করা হয়। ভোরে এসে দেখি, দুর্বৃত্তরা সেটি ভেঙে ফেলেছে।’
রায়পুরা থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’