পতাকা না তোলায় মাদ্রাসাকে জরিমানা

জামালপুরের বকশিগঞ্জে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পতাকা উত্তোলন না করার কারণে দারুল নিমাহ হিফজুল কোরআন মাদ্রাসাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী।

গতকাল মঙ্গলবার দুপুর ২টায় বকশিগঞ্জ পৌর শহরের উত্তর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই মাদ্রাসাকে জরিমানা করা হয়।

মহান শহীদ দিবস উপলক্ষে শহীদদের সম্মানে সরকারি, বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু দারুল নিমাহ হিফজুল কোরআন মাদ্রাসা সেই নির্দেশনা মানেনি।

মো. আতাউর রাব্বী জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পতাকা বিধিমালা অনুসরণ না করার কারণে দারুল নিমাহ হিফজুল কোরআন মাদ্রাসাকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।