মানিকগঞ্জে প্রতারকের শাস্তির দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জে ইট বিক্রির নাম করে অগ্রিম ১৭ কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক আব্দুর রাজ্জাকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। বুধবার দুপুরে মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক সড়কের মিতরা বাসস্ট্যান্ড এলাকায় শতাধিক পাওনাদার এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মিতরা এলাকায় অবস্থিত এআরসি ইটভাটার মালিক আব্দুর রাজ্জাক স্বল্পমূল্যে ইট দেয়ার কথা বলে বিভিন্ন এলাকার অন্তত দুই শতাধিক মানুষের কাছ থেকে ১৭ কোটি টাকা নিয়েছেন। কিন্তু নির্দিষ্ট সময়ে কাউকে টাকা না দিয়ে লাপাত্তা হয়ে যান তিনি। পরবর্তীতে ২৫ জন ভুক্তভোগী তার নামে আদালতে চেক ডিজ অনারের মামলা দায়ের করেন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

বক্তারা আরও বলেন, আত্মসাতের টাকায় তিনি এলাকায় বড় খামার, হ্যাচারি স্থাপন করে ব্যবসা করে আসলেও পাওনাদারদের কোন টাকা পরিশোধ করছেন না। তারা পাওনা টাকা ফেরতসহ প্রতারক আব্দুর রাজ্জাকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

মফিজুল ইসলাম মফিজের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- পাওনাদার আব্দুল খালেক বাবু, আসলাম হোসেন, শাহীন ইসলাম তারেকসহ আরও অনেকেই।

এ ব্যাপারে অভিযুক্ত এআরসি ইটভাটার মালিক আব্দুর রাজ্জাকের মোবাইলে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।