মুন্সীগঞ্জে শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে মানববন্ধন

আপডেট : ২২ মে ২০২৬, ০৭:৩৮ পিএম

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে মুন্সীগঞ্জ শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‘শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই’—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দৈনিক প্রথম আলোর বন্ধুসভার উদ্যোগে আয়োজন করা হয়। 

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী, সামাজিক সংগঠনের সদস্য এবং সচেতন নাগরিকরা অংশ নেন। এতে সঞ্চালনা করেন দৈনিক প্রথম আলোর মুন্সীগঞ্জ প্রতিনিধি ফয়সাল হোসেন।

বক্তাদের মধ্যে ছিলেন জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট নাসিমা আক্তার, কমরেড হামিদা খাতুন, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ অনেকে।

মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, সমাজে দিন দিন নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা বেড়ে যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

বক্তারা আরও বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনের কঠোর প্রয়োগ জরুরি। পাশাপাশি অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত