ওয়ানডের মতো অন্য ফরম্যাটেও ভালো করার লক্ষ্য হাথুরুর

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন চন্ডিকা হাথুরুসিংহে। কিছু বিতর্ক থাকলেও প্রথম মেয়াদে টাইগারদের কোচ হিসেবে বেশ সফলই ছিলেন তিনি। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে তার সময়ে বড় শক্তি হয়ে উঠে বাংলাদেশ। তবে এবার অন্য ফরম্যাটেও ভালো করার তাগিদ অনুভব করছেন এই লঙ্কান।

দুই বছরের নতুন চুক্তিতে বাংলাদেশের কোচ হয়ে ফিরেছেন হাথুরুসিংহে। এ বছরই ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। নিশ্চিতভাবেই সেই আসর সামনে রেখে হাথুরু এগোবেন আলাদা পরিকল্পনা নিয়ে। তবে টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের ভালো না করার বিষয়টি মাথায় রাখছেন তিনি।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘টেস্ট ক্রিকেট খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। টি-টোয়েন্টি এখন অনেক বেশি জনপ্রিয়। তাই আমাদের নিজস্ব গেম প্ল্যান খুঁজে বের করতে হবে।’

যোগ করেন, ‘জাতি হিসেবে আমরা জানি কীভাবে ওয়ানডে ক্রিকেট খেলতে হয়। এখন আমাদের অন্য ফরম্যাটে ভালো করতে হবে।’

প্রথম মেয়াদে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন হাথুরুসিংহে। বাংলাদেশের ক্রিকেটের টালমাটাল একটা সময়ে দায়িত্ব নিয়েছিলেন তিনি। বলা যায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে অস্থিরতা কাটাতে ভূমিকা রাখতে পেরেছিলেন তিনি।

হাথুরুসিংহের কোচিংয়ে ২১ টেস্টের মধ্যে বাংলাদেশের জয় ৬টিতে, ৫২ ওয়ানডের মধ্যে জয় ২৫টিতে ও ২৯টি টি-টোয়েন্টি খেলে জয় ছিল ১০টিতে।

টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে সিরিজ জয় এসেছে যথাক্রমে ১, ৬ ও ১টি। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেসহ টানা ছয়টি ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

২০১৭ সালে হাথুরুসিংহের অধীনেই বাংলাদেশ ওঠে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে। তার সময়ে টেস্টেও বাংলাদেশ জয় পেয়েছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে।