চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ভাঙার সময় পুরোনো ভবনের দেয়াল পড়ে অজ্ঞাত এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন। তার নাম রণ ভট্টাচার্য। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে নগরের জামালখান এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার কার্যক্রম চালাতে বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, জামালখান এলাকায় দাওয়াত নামের একটি রেস্তোরাঁর উত্তর পাশের পুরোনো ভবন ভাঙার সময় দেয়ালের একটা অংশ নিচে ফুটপাতে পড়লে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সঞ্জিব চৌধুরী বিশু দেশ রূপান্তরকে জানান, বিকেল ৪টার দিকে তিনি পাশের একটি মার্কেটের তিনতলায় ছিলেন। এ সময় পাশের জীর্ণ দোতলা ভবন থেকে ফুটপাতে দেয়াল ভেঙে পড়ার শব্দ শুনতে পান তিনি। এরপর দ্রুত জামালখান সড়কে নেমে এসে দেখেন ফুটপাতে পড়ে থাকা ভবনের ধ্বংসস্তূপের নিচে অজ্ঞাত যুবকের লাশ চাপা পড়ে আছে। নিহত ওই যুবক ভবন ভাঙার কাজ তদারকি করছিলেন। পুরোনো ভবনটির মালিক রতন ভট্টাচার্য। সেটি ভাঙার কাজ নিয়েছেন মো. খোকন নামে এক ঠিকাদার। ৮-১০ দিন ধরে ভবনটি ভাঙা হচ্ছে। জামালখানের মতো ব্যস্ততম সড়কে ভবনটি ভাঙার কাজ চললেও কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই।
বিকেল সাড়ে ৪টার দিকে সরেজমিন ঘটনাস্থলে যান দেশ রূপান্তরের এ প্রতিবেদক।
সেখানে দেখা যায়, এ যেন ভূমিকম্পে বিধ্বস্ত হওয়া কোনো ভবনের ধ্বংসাবশেষ পড়ে আছে ফুটপাতে। ফুটপাতে পড়ে থাকা ভবনের ধ্বংসাবশেষ সরাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শত শত উৎসুক জনতা এবং গণমাধ্যমকর্মীদের ভিড় সেখানে।
এ সময় কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবীর জানান, ফুটপাতে পড়ে থাকা ভবনের ধ্বংসাবশেষ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত যুবক ভাঙার কাজে নিয়োজিত ঠিকাদারের লোক বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করে কেন জনাকীর্ণ এলাকায় ভবনটি ভাঙা হচ্ছিল তা খতিয়ে দেখা হবে। এতে যার গাফিলতি পাওয়া যাবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।