৪ কোটি গ্রাহকের নতুন মাইলফলক অর্জন করেছে ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। ২০২৩ সালের জানুয়ারি মাসে ৩ লাখ ৩০ হাজার সংখ্যক নতুন গ্রাহক নিয়ে এই অর্জন করেছে প্রতিষ্ঠানটি। জানুয়ারি মাস শেষে নতুন গ্রাহকসহ বাংলালিংকের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ১৪ লাখে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস ও বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমানের উপস্থিতিতে বিশেষ এই অর্জন উদযাপন করা হয়।
বাংলালিংক গত বছর নেটওয়ার্কে প্রায় ৪০ শতাংশ সম্প্রসারণ করে, যার ফলে এর মোট সাইটের সংখ্যা এখন ১৪,৫০০-এরও অধিক। এটি বাংলালিংককে দেশব্যাপী বিস্তৃত একটি অপারেটর হিসেবে অবস্থান তৈরিতে সহায়তা করেছে। বাংলালিংককে পরপর তিন বছর ওকলা দেশের দ্রুততম ফোরজি নেটওয়ার্ক হিসেবেও স্বীকৃতি দিয়েছে। ২৬ লাখ নতুন গ্রাহক বৃদ্ধি পরপর দুই প্রান্তিকে বাংলালিংকের দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রেখেছে।
মাননীয় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমাদের টেলিকম খাত বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। দেশের অন্যতম একটি টেলিকম অপারেটর হিসেবে বাংলালিংক এই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলালিংক সামনের দিনগুলোতে আরও সাফল্য অর্জন করবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে অবদান রাখবে এ আমার বিশ্বাস। বিজ্ঞপ্তি