নারায়ণগঞ্জের আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে উপজেলা সদর পৌরসভার মুকুন্দী গ্রামে মুক্তিযোদ্ধা লাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এই সময় ব্যাপক লুটপাট ও ভাংচুর করা হয়। এ ঘটনায় দুবছরের এক শিশুসহ সাতজন আহত হয়েছেন। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।
জানা গেছে, বুধবার রাত পৌনে ৭টায় উপজেলার মুকুন্দীতে সবুজের কাঁচামালের দোকানে কলা বিক্রয় নিয়ে মুক্তিযোদ্ধা লাল মিয়ার ছেলে নুর হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় সবুজ তার সহযোগীদের নিয়ে নূর হোসেনকে ইট দিয়ে মাথায় আঘাতসহ বেধড়ক মারধর করে। নূর হোসেন তাদের হাত থেকে বাঁচতে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে। কিছুক্ষণ পর সবুজের নেতৃত্বে ২০/৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে দোকান থেকে আধা কিলোমিটার দূরে মুক্তিযোদ্ধা লাল মিয়ার বাড়িতে হামলা চালায়।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’