টুঙ্গিপাড়ায় যুব গেমসের আনুষ্ঠানিকতা শুরু

মশাল প্রজ্বালনের মাধ্যমে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস-২০২৩ চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিকতা। বিওএ সভাপতি, গেমস-এর কো-চেয়ারম্যান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ উপজেলা পরিষদ মাঠে মশাল প্রজ্বালনের উদ্বোধন করেন। পরে মশালটি আনুষ্ঠানিকভাবে সড়ক পথে টুঙ্গিপাড়া থেকে জাজিরা-মাওয়া হয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আবাহনী মাঠ অতিক্রম করে ঢাকা আর্মি স্টেডিয়ামে পৌঁছাবে।

এ সময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার যশোর মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, বিওএ সাধারণ সম্পাদক সৈয়দ শাহেদ রেজা উপস্থিত ছিলেন। এর আগে সেনাপ্রধান টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।