হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আকরাম শেখ (২৭) নামের এক চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টায় হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের নন্দিরহাট ধোপার দিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকরাম শেখ বাগেরহাট জেলার কেন্দাপাড়ার আবদুস সামাদ শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টার দিকে দ্রুতগামী একটি ট্রাক (চট্টমেট্রো-ট ০৫-০৮৪৬) চট্টগ্রাম নগরী থেকে হাটহাজারীর দিকে আসছিল। এসময় নসিমন গাড়িটি হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের নন্দিরহাট ধোপার দিঘীর পাড় এলাকায় উল্টাে বাঁক নেয়ার সময় ট্রাকটি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নসিমন গাড়ির চালক নিহত হয়।

খবর পেয়ে রাউজান হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে প্রেরণ করেন। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান হাইওয়ে পুলিশের উপ- পরিদর্শক মো. ডালিম হোসেন।