দ্বিতীয় বছরে গড়াল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। আর এদিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধে বিজয়ী হওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন। আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
যুদ্ধের বর্ষপূর্তিতে দেওয়া এক টুইটে জেলেনস্কি বলেন, গত এক বছরে ইউক্রেনীয়রা নিজেদের অজেয় হিসেবে প্রমাণ করেছে। তিনি বছরটিকে বেদনা, দুঃখ, বিশ্বাস ও ঐক্যের বছর হিসেবে চিহ্নিত করেন।
তিনি আরও বলেন, ২০২৩ সাল হবে আমাদের বিজয়ের বছর।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহের মধ্যে কিয়েভ দখলের স্বপ্ন নিয়ে গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে 'বিশেষ সামরিক অভিযান' শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু তার সেই স্বপ্ন এখন পর্যন্ত অধরাই রয়ে গেছে। পশ্চিমাদের দাবি, এই যুদ্ধে রাশিয়ার তেমন উল্লেখযোগ্য অর্জন নেই।
গত এক বছরের যুদ্ধে উভয় দেশের হাজার হাজার সেনা নিহত হয়েছে। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া ও পশ্চিমাদের চলমান উত্তেজনা পূর্বের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।
বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ এলাকা রুশ বাহিনীর দখলে আছে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের সর্বশেষ তথ্যে বলা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অঙ্গীকার করেছেন, ২০১৪ সালে রাশিয়ার দখলে যাওয়া ক্রিমিয়াসহ সব ভূখণ্ড পুনরুদ্ধার করবেন তিনি। তাই দুই পক্ষের ভাষ্য অনুযায়ী এই যুদ্ধে কেউ কাউকে ছাড় দিচ্ছে না।