বিবিসির ভারতীয় কর্মীদের নির্ভয়ে সংবাদ পরিবেশন করার নির্দেশ দিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক টিম ডেভি। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে আরও বলা হয়, বিবিসির মহাপরিচালক প্রতিষ্ঠানটির ভারতীয় সংবাদকর্মীদের নির্ভয়ে এবং নিরপেক্ষভাবে সাংবাদিকতা করার নির্দেশ দিয়ে একটি ইমেইল করেছেন। এতে বলা হয়, নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের থেকে বেশি গুরুত্বপূর্ণ কিছুই হতে পারে না।
দিল্লি আর মুম্বাইতে বিবিসির কার্যালয়ে আয়কর বিভাগের তল্লাশির পরে এই ইমেইলটি পান কর্মীরা। বিবিসি জানিয়েছে, তারা ওই তদন্তে আয়কর বিভাগের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছে।
সংবাদকর্মীরা যাতে সুষ্ঠুভাবে আর নিরাপদে কাজ করতে পারে বিবিসি তা নিশ্চিত করবে উল্লেখ করে টিম ডেভি লিখেছেন, ‘ভয়-ভীতি ছাড়া, নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের থেকে আমাদের কাছে আর কোনো কিছুই বেশি গুরুত্বপূর্ণ নয়। বিশ্বব্যাপী আমাদের দর্শকদের কাছে স্বাধীন আর নিরপেক্ষভাবে সত্যটা পৌঁছে দেওয়াই আমাদের কাজ। আমাদের লক্ষ্য কীভাবে সব থেকে সৃজনশীল উপায়ে আমরা তা দর্শকদের উপহার দিতে পারি। এই কর্তব্য থেকে আমরা কখনই বিরত থাকব না।’
ওই ইমেইলে তিনি আরও লিখেছেন, ‘একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই। বিবিসির কোনো এজেন্ডা নেই। আমরা একটা উদ্দেশ্য নিয়ে কাজ করি। প্রথম উদ্দেশ্যটা হল নিরপেক্ষ সংবাদ এবং তথ্য পরিবেশন, যাতে মানুষ তার চারপাশের দুনিয়াটাকে ভালো করে বিশ্লেষণ করতে পারেন।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ‘ইন্ডিয়া : দ্য মোদি কোশ্চেন’ ডকুমেন্টারি সিরিজ প্রচারের পর থেকেই ক্ষমতাসীন বিজেপির তোপের মুখে রয়েছে বিবিসি। ভারতের আয়কর বিভাগ তিন দিন ধরে বিবিসির দুটি দপ্তরে তল্লাশি চালিয়েছে, যেটিকে তারা ‘সার্ভে’ বলে বর্ণনা করছে। ওই সার্ভে থেকে আয়কর সংক্রান্ত বেশ কিছু অসঙ্গতি পেয়েছে বলেও জানিয়েছে আয়কর বিভাগ।