রাশিয়ার কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক, বিনিয়োগ তহবিল, বীমা প্রতিষ্ঠান ও অন্যান্য আর্থিক খাত এবং প্রতিষ্ঠানের ওপর ৫০ বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ইউক্রেনের পার্লামেন্ট এই নিষেধাজ্ঞা আরোপ করে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়, কিয়েভ একটি পূর্ণ মাত্রার সামরিক আক্রমণের পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর আর্থিক চাপ বজায় রাখতে নিষেধাজ্ঞার ব্যবস্থা নিয়েছে। ইউক্রেনের ন্যাশনাল ব্যাংকের গভর্নর অ্যান্ড্রি পিশনি ফেসবুকে জানিয়েছেন, ইউক্রেনের বাজার ও সম্পদে রুশ ফেডারেশনের আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তিনি বলেছেন, ‘রাশিয়াকে দুর্বল করার জন্য আমাদের হাতে থাকা সব উপায় ব্যবহার করা উচিত। এছাড়া আর্থিক খাত (রাশিয়ার কাছে) এই যুদ্ধের কৌশলগত দাতা।’ ইউক্রেনীয় সংসদের ৩২৫ জন ডেপুটি ৫০ বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দিয়েছেন।
ইউক্রেনের অর্থনীতি বিষয়ক মন্ত্রী ইউলিয়া সিভিরিডেনকো জানিয়েছেন, তাদের আরোপিত নিষেধাজ্ঞাগুলো রাশিয়ায় নিবন্ধিত শতাধিক ব্যাংক এবং কয়েক হাজার আর্থিক প্রতিষ্ঠানের ক্ষতি করবে। ইউক্রেন অবশ্য এরই মধ্যে শতাধিক রুশ কর্মকর্তা ও ব্যবসায়ীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
অন্যদিকে, ইউক্রেন তার পশ্চিমা মিত্রদের প্রতি মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে আসছে। যার মধ্যে পূর্ব ইউরোপের এই দেশটি রাশিয়ার পারমাণবিক খাতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপের মতো ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে।