নরসিংদী

চালক খুনের ঘটনায় বন্ধুসহ গ্রেপ্তার ৩

নরসিংদীতে মোশারফ হোসেন টুটুল (৪০) নামে এক চালককে খুন করে ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনায় জড়িত বন্ধুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী।

এর আগে গত বৃহস্পতিবার সকালে গাজীপুর ও নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া ইজিবাইক জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নরসিংদীর মাধবদীর দুয়ানী এলাকার খোরশেদ আলম (৪৭), একই এলাকার আব্দুল কাদির ওরফে ছোট কাদির (৪৮) ও আব্দুল কাদির ওরফে বড় কাদির (৫১)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী জানান, গত বুধবার সকালে সদর থানার শীলমান্দি ইউনিয়নের গণেরগাঁও এলাকার একটি পুকুর থেকে হাত-পা বাঁধা ইজিবাইকচালক টুটুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। টুটুল গাজীপুরের কাপাসিয়া থানার কির্ত্তুলিয়া গ্রামের বাসিন্দা। ছুরিকাঘাত ও শ্বাসরোধে এই হত্যার ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়। পরে তদন্তে নেমে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের গাছা, নরসিংদীর মাধবদী ও বাসাইল এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যমতে, ছিনতাই হওয়া ইজিবাইক জব্দ করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরি ও নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।