বিশ্বকাপে বাংলাদেশকে সেমিতে দেখছেন সৌরভ

বাংলাদেশ সফরে এসে ব্যস্ত সময় কাটিয়েছেন সৌরভ গাঙ্গুলি। মেয়র কাপের উদ্বোধনের পর শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সস্ত্রীক। এরপর বন্ধু ইফতিখার আহমেদ মিঠুর বাসায় আপ্যায়নপর্ব শেষে দেশে ফিরে গেছেন বিকেলে। যাওয়ার আগে গণমাধ্যমে প্রধানমন্ত্রীর প্রশংসার পাশাপাশি জানিয়েছেন এ বছর হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে তার অনুমানও।

ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট সৌরভ সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশকে নিয়ে আমি অনেক আশাবাদী, আমি তো কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনাল অবধি আশা করি। যদি ভাগ্য সহায় থাকে, খেলোয়াড়রা ফর্মে থাকে বিশেষ করে স্পিনাররা আর ফাস্ট বোলাররা; তাহলে তোমরা কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনাল অবধিও যেতে পারবে।’ বাংলাদেশ দলের প্রশংসায় সৌরভ বলেন, ‘বাংলাদেশ খুব ভালো দল। কিছুদিন আগে ভারত এখানে সফরে এসেছিল, ওয়ানডেতে বাংলাদেশ তাদের হারিয়েছে। বছর পাঁচেক আগেও বাংলাদেশ ওয়ানডে সিরিজে হারিয়েছিল ভারতকে। এই যে ইংল্যান্ড আসছে, আমাকে পাপন ভাই (নাজমুল হাসান) বলছিল আমরা সবাইকে হারিয়েছি ইংল্যান্ড বাদে। আমি বলেছি এবার আপনারা ইংল্যান্ডকেও হারিয়ে দেবেন।’

বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসায় সৌরভ বলেন, ‘বাংলাদেশে ১৭ কোটি মানুষ, সেখান থেকে এত এত প্রতিভা বের হয় দেখার মতো। বোলিং, ব্যাটিং, সাকিবের মতো অলরাউন্ডার আছে, মুশফিকুর আছে, এখন শান্ত (নাজমুল হোসেন) ভালো খেলছে। খবর রাখি তো, দেখি কে কেমন করছে।’ বিপিএলের মান উন্নয়নেও পরামর্শ দিলেন সৌরভ, ‘আইপিএল অন্য পর্যায়ে চলে গেছে, তবে বিপিএলকেও ভালো করা যাবে, কেন যাবে না? তোমাদের এখানে এত উন্মাদনা ক্রিকেটের, বিপিএলের সব ম্যাচে মাঠ ভর্তি থাকে।’

বাংলাদেশের ক্রিকেটের পাশে থাকতে চান সবসময়, বিসিবি চাইলে বিশ্বকাপে বাংলাদেশ দলের মেন্টর হওয়ার কথাও ভেবে দেখবেন, বলে গেছেন সৌরভ।