নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি নিয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় মোসলেম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। শুক্রবার (২৪ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাহমুদপুর ইউনিয়নের শালমদী নয়াপাড়া এলাকায় বাতেন ও তার চাচাত ভাই মোসলেম গ্রæপের মধ্যে সম্পত্তি নিয়ে প্রথমে তর্ক-বিতর্ক এবং এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫ আহত হয়। আহতরা হলেন- মোসলেম, বাতেন, রেজাউল, গিয়াসউদ্দিন, রমজান, আউয়াল, মোস্তফা, ফারুক, সোহরাব, রানী বেগম, জুলহাস। এদের মধ্যে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোসলেম মিয়া মারা যান।
এদিকে তার মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করছেন নিহতের স্ত্রী সাহেরা। তিনি বলেন, গত ২১ ফেব্রæয়ারি থেকে আমরা থানায় ঘুরেছি একটি লিখিত অভিযোগ নিয়ে। পরে সেটি থানায় দিয়েছি। কিন্তু থানায় অভিযোগ দেয়ার পরও কেউ আমাদের এখানে আসেনি। যদি পুলিশ আসতো এটার একটা সমাধান হতো।
আহত রেজাউল জানান, শালমদী চকের মধ্যে একটি ফসলী জমির ১২ শতাংশ জমির পৈত্রিক ওয়ারিশ সূত্রে তারা রেকর্ডে মালিক হয়েছেন। উক্ত জমি বাতেন গং জোরপূর্বক দখল করে রেখেছেন। শুক্রবার জমিতে চারা রোপণ করে বাড়ি ফেরার পথে বাতেনের লোকজন তাদের উপর হামলা করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ৩ জন আসামি গ্রেফতার করা হয়েছে। ২১ তারিখে কোন অভিযোগ দিয়েছে কিনা তা আমার জানা নেই।