শিল্পী তিশার একক চিত্র প্রদর্শনী ‘সেলফ রিফ্লেকশান’

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী শিল্পী ফাহমিনা ইসরাত আহমেদ তিশার একক চিত্র প্রদর্শনী। চট্টগ্রামের খুলশীস্থ চিত্রভাষা গ্যালারিতে ‘সেলফ রিফ্লেকশান’ শীর্ষক চিত্র প্রদর্শনীটি চলবে ২৬ ফেব্রুয়ারি রাত ৮ টা পর্যন্ত।

প্রদর্শনীর শেষ দিনে থাকবে তিশার সাথে দর্শকদের বিশেষ আর্টিস্ট টক। যেখানে শিল্পী এবং দর্শক তাদের ভাবনা বিনিময় করবেন।

প্রদর্শনীটির উদ্বোধন করেন প্রধান অতিথি চিত্রশিল্পী নাজলী লায়লা মনসুর। বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্রসংগীত শিল্পী, গবেষক ও মুক্তিযুদ্ধের শব্দ সৈনিক শীলা মোমেন। এছাড়াও উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও প্রাবন্ধিক আবুল মোমেন ও বিশিষ্ট অনুবাদক, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত আলম খোরশেদ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন তানিয়া মাহমুদা তিন্নি।

প্রদর্শনীতে শিল্পীর ব্যক্তিগত জীবনের আবেগ, ভালোবাসা, একাকিত্বসহ নানান অনুভূতির সমন্বয়ে ১৫ টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। যা শিল্পীকে এককভাবে নিজস্ব যাত্রায় শিল্পী হয়ে উঠতে সাহায্য করে। শিল্পী প্রবাস জীবন এবং দেশে ফেলে আসা স্মৃতি নিয়ে চিত্রকর্ম গুলি প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে।

দেশান্তর, সামাজিক সমস্যা, রাজনৈতিক বক্তব্য সহ শিল্পীর নানান বিচিত্র ভাবনা উঠে আসে এ প্রদর্শনীর মাধ্যমে। ফাহমিনা তিশার সর্বাত্মক প্রয়াস ছিলো তার চিত্রকর্মের মাধ্যমে মানবতাকে তুলে ধরা।


প্রধান অতিথি নাজলী লায়লা মনসুর বলেন, দৃশ্যকলায় ইমেজের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ইমেজগুলো ধরে ধরে দেখতে পাওয়া দারুণ বিষয়। তিশা প্রচণ্ড ইচ্ছা, জীবনসংগ্রাম তুলে আনছেন তার শিল্পকলার মাধ্যমে। আমি সাধুবাদ জানাই তার কাজকে।

বিশেষ অতিথি শীলা মোমেন বলেন, তিশা এতদিন প্রবাসে থেকেও পথ হারায়নি, ছবি এঁকে গেছে। গভীর এবং স্নিগ্ধ মন আছে তার, চিনে নেওয়া পথে হেঁটে আরও বড় হবে আশা রাখি। ছবি নিয়ে ভাবলে, অবশ্যই তা আমাদের নাড়া দিতে হবে। শিল্প কেমন হওয়া উচিত তা নিয়ে তর্ক থাকতে পারে, কিন্তু ছবি আঁকা চলুক।