কক্সবাজার শহরের কলাতলী এলাকায় সুমি আক্তার (২৭) নামে এক নারী স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পূর্ব কলাতলী ঝিরিঝিরি পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, সুমির সাথে কুমিল্লার জাহাঙ্গীরের (৩০) প্রেমের সম্পর্কে প্রায় তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের পর তারা কক্সবাজার শহরের কলাতলী ঝিরিঝিরিপাড়া এলাকায় বসবাস করতেন। ব্যবসায়িক কাজে জাহাঙ্গীর কক্সবাজার শহরের বাইরে থাকতেন। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন কারণে বিবাদ চলছিল। এরই জের ধরে শনিবার সকাল ১০টার দিকে স্বামীকে ভিডিও কল দিয়ে ঘরের বারান্দার ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সুমি।
পরে স্বামী জাহাঙ্গীর তার শাশুড়িকে ফোনে বিষয়টি জানালে পরিবারের লোকজন দরজা ভেঙে সুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এম এ মনজুর বলেন, ইমোতে ভিডিও কলে স্বামীর সঙ্গে পারিবারিক কলহের কারণে আমার ওয়ার্ডের সুমি আক্তার নামে এক নারী আত্মহত্যা করেছেন। ঘটনাটি শুনে পুলিশকে অবগত করা হয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনার সঠিক কারণ জানা যায় নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।