ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে নিশীথ অল্পের জন্য প্রাণে বাঁচলেও ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়ির কাচ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের জেলা কোচবিহারে এ ঘটনা ঘটে, যা নিয়ে সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
অভিযোগ উঠেছে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কোচবিহারের দিনহাটার বিভিন্ন জায়গা পরিদর্শন, ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ এবং জনসংযোগ করতে এলাকায় যান নিশীথ। কিন্তু দিনহাটার বুড়িরহাট এলাকায় পৌঁছালে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাকে কালো পতাকা দেখায়।
এ সময় উপস্থিত থাকা বিজেপির কর্মী-সমর্থক এবং তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়ির ওপর ছোড়া হয় ঢিল। এতে তার গাড়ির কাচ ভেঙে যায়। পরে টিয়ার গ্যাস ছুড়ে নিরাপত্তাকর্মীরা নিশীথকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে কোচবিহারের সংসদ সদস্য নিশীথ বলেন, ‘যেখানে একজন মন্ত্রী নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের দুর্দশার কথা ভাবা যায় না। এ ঘটনাটি পশ্চিমবঙ্গে গণতন্ত্রের অবস্থার প্রতিফলন। এতে বোঝা যায় পশ্চিমবঙ্গে দুষ্কৃতীর রাজত্ব চলছে। ’
জানা গেছে, বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে এক আদিবাসী নাগরিকের মৃত্যুকে কেন্দ্র করে নিশীথের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে স্থানীয়দের। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারের এ ঘটনা নিয়ে নিশীথকে দোষারোপ করেছিলেন। তৃণমূল কংগ্রেস সম্প্রতি ঘোষণা দেয়, নিশিথের বিরুদ্ধে বিক্ষোভ করবে তারা। দলের নেতা উদয়ন গুহ বলেন, ‘নিশীথ এই অঞ্চলে যেখানেই যাবেন সেখানেই কালো পতাকা দেখতে পাবেন।’