চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের আমন্ত্রণে আগামী ২৮ ফেব্রুয়ারি চীন সফরে যাচ্ছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কো। তিনি ২ মার্চ পর্যন্ত চীনে অবস্থান করবেন। গতকাল শনিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত লুকাশেঙ্কো। ইউক্রেনে যুদ্ধ শুরুর আগে বেলারুশে ব্যাপক মাত্রায় যৌথ সামরিক মহড়া চালায় রাশিয়া। এ যুদ্ধে মস্কোকে নানাভাবে সহায়তা করে আসছে মিনস্ক। বেলারুশ তার প্রতিবেশী রাশিয়ার ওপর আর্থিক এবং রাজনৈতিকভাবে অনেকটাই নির্ভরশীল। রুশ ঘনিষ্ঠতায় দেশটিও আছে পশ্চিমা নিষেধাজ্ঞায়। অর্থনৈতিক সংকটে চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে ইচ্ছুক বেলারুশ। গেল সেপ্টেম্বরে উজবেকিস্তানে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন বেলারুশের প্রেসিডেন্ট।