বসুন্ধরা কিংসের একচ্ছত্র আধিপত্য

বাংলাদেশ পুলিশের কাছে ২-১ গোলের হার দিয়ে এবারের বিপিএল শুরু হয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্রের। প্রথম পর্বের শেষটাও হলো তাদের হার দিয়ে। পুলিশ গতকাল চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করায় জিতে তৃতীয় স্থানে থেকে প্রথম পর্ব শেষ করতে পারত শেখ রাসেল। কিন্তু  মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছে ০-১ গোলে হেরে গেছে তারা। গোপালগঞ্জের শেখ মনি স্টেডিয়ামে খেলার ৬২ মিনিটে গোলটি করেন আমিনুর রহমান সজীব। ১০ খেলায় চতুর্থ পরাজয়ে শেখ রাসেলের সংগ্রহ ১৪ পয়েন্ট। তাদের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে পুলিশ।

প্রথম পর্বে দশ ম্যাচের সবগুলো জিতে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ২০১৯ থেকে খেলা বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঝামাঝিতে কোনো পয়েন্ট হারাল না হ্যাটট্রিক শিরোপাজয়ী কিংস এই প্রথম। প্রথমবার ২০১৯-এ ১৩ দলের লিগের প্রথম পর্বে একটি ম্যাচ ড্র করেছিল তারা। ২০২১-এও ছিল একই রকম। গত বছর ১২ দলের লিগের প্রথম পর্বে ১১ ম্যাচের ৮টিতে জিতলেও ড্র করেছিল দুটি, হেরেছিল একটি। দ্বিতীয় স্থানের আবাহনীর সঙ্গে প্রথম পর্ব শেষে ব্যবধান ছিল ৪ পয়েন্টের।

দাপুটে কিংস এবার প্রথম পর্ব শেষ করল আবাহনীর চেয়ের ৯ পয়েন্টের ব্যবধান নিয়ে। ১০ ম্যাচে আবাহনীর জয় ৬টি, ড্র তিনটি, হার একটি। কিংস গোল করেছে ২৩টি, এর মধ্যে ৯টিই করেছেন ডরিয়েল্টন গোমেজ। আবাহনী তাদের চেয়ে দুটি গোল বেশি করলেও হজম করেছে বেশি, ১০টি। আবাহনীর ২৫ গোলের ৭টি নাইজেরিয়ান বংশোদ্ভূত এলিটা কিংসলের। বাংলাদেশিদের মধ্যেই তার গোলই সর্বাধিক। এছাড়া ডরিয়েল্টনের সমান ৯ গোল শেখ জামালের বিদেশি কর্নেলিয়াস স্টুয়ার্টের।