কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের এক ইমামকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মৌলভী সামসু আলম (৩৮)। গতকাল শনিবার সকাল ৯টার দিকে উখিয়ার ক্যাম্প-২০-এর পাহাড়ি এলাকার একটি খালের কাছে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর পুরো ক্যাম্প এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মৌলভী সামসু আলম ১৭ নম্বর ক্যাম্পের সি-ব্লকের সাব ব্লক এইচ-৭৯-এর বাসিন্দা ও বি-ব্লকের সাব ব্লক এইচ-৮৮-তে একটি মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার থেকে নিখোঁজ ছিল বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
রোহিঙ্গা ক্যাম্পের অব্যাহত হতাহতের ঘটনা ঘটছে। গত কয়েক দিনে রোহিঙ্গা নেতাসহ দুজন নিহত হওয়ার খবর গেল। এ ছাড়া বর্তমানে দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ১৪ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন রশীদ বলেন, ফজরের নামাজ পড়াতে মৌলভী সামসু আলম বাসা থেকে বের হন। নামাজের পরও তিনি ফিরে আসেননি। পরে লোকজন পাহাড়ি খালের পাশে একটি মরদেহ পড়ে আছে দেখে পুলিশকে খবর দেন।