‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকালে উপজেলা প্রাণিসম্পদ চত্বরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বৃক্তৃতা করেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী বলেন, এই প্রদর্শনীর উদ্দেশ্য মানুষকে গবাদি পশু পালনে অনুপ্রাণিত করা। তারা যেন জমি অনাবাদি না রেখে ঘরের মধ্যেও যেন গরু-ছাগল, হাঁস-মুরগি পালন করে বাংলাদেশের প্রোটিনের অভাব যেন দূর করে।
তিনি আরও বলেন, প্রদর্শনীর আরেকটি উদ্দেশ্য হলো বাংলাদেশের প্রতিটি উপজেলায় প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপস্থিতি আছে। তারা জনগণকে পশু-পালনে সহযোগিতা করছে। বাংলাদেশের প্রোটিনের সমস্যা দূরীকরণে তিনি সকলকে গবাদি পশু পালনে উৎসাহী হওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইন সচিব গোলাম সারওয়ার, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদার।
অনুষ্ঠানে আইনমন্ত্রীকে সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলাম, ডা. সানজিদা আক্তার, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।
প্রদর্শনীতে ২৩টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা গরু, মহিষ, ছাগল, গাড়ল হাঁস-কবতুরসহ বিভিন্ন প্রাণি প্রদর্শন করেন। অনুষ্ঠান শেষে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।