স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৫

জমাটবাঁধা গ্যাসের বিস্ফোরণে উড়ে গেল দরজা-জানালা

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। এ সময় ঘরের দরজা জানালা বিস্ফোরণে ভেঙে উড়ে যায়। পাশের বাড়ির চারটি ঘরেরর জানালা ভেঙে চুর্ণ হয়ে যায়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় ফতুল্লার রামারবাগ এলাকায় শাহানাজ বেগমের দোতলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, গার্মেন্টকর্মী আল-আমিন হোসেন (৩০), তার স্ত্রী সুখি আক্তার (২৫), পাশের বাসার ভাড়াটিয়া আলেয়া বেগম (৬০) ও তার ছেলে জামাল হোসেন (৪০) এবং রাজমিস্ত্রীর সহযোগী রফিক মিয়া (৪৫)।

আল-আমিনের বাড়ি পটুয়াখালী সদর আলিয়াপুর গ্রামে। তার বাবার নাম মো. শহিদ। আল-আমিন ও সুখির একমাত্র ছেলে গ্রামের বাড়িতে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুখী মেট্রো গার্মেন্টে চাকরি করেন। তার স্বামী মোতালেব মনোয়ারা গার্মেন্টে চাকরি করেন। ওই বাড়ির নিচতলার একটি ঘরে ভাড়া থাকেন তারা। দুজন দুপুরে কর্মস্থল থেকে বাসায় ফিরে খাবার গরম করার জন্য রান্নাঘরে যান। সেখানে দিয়াশলাই জ্বালাতেই বিকট বিস্ফোরণ হয়। এতে তাদের দুজনের সমস্ত শরীর পুড়ে যায়। পাশের রুমে থাকা আলেয়া বেগম, তার ছেলে এবং পাশের রুমে রাজমিস্ত্রির কাজ করা রফিক মিয়া সামান্য দগ্ধ হন। এ সময় তাদের ঘরের দরজা জানালা উড়ে গিয়ে পাশের ফারুকের ভাড়াটিয়া বাড়ির ৪টি রুমের জানালা ভেঙে ব্যাপক ক্ষতি হয়। ওই সময় বাইরের আরো কয়েকজন আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা হয়েছে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, তাৎক্ষণিক বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে না। বিষয়টি তদন্ত করে জানানো হবে।