ঢাকার ফুটবলের শীর্ষ পর্যায়ে আবির্ভাবের পর থেকেই নিজেদের দাপট প্রতিষ্ঠা করেছে বসুন্ধরা কিংস। ২০১৮-১৯ মৌসুমে প্রথমবার লিগে অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয় তারা। এখন পর্যন্ত তিন-তিনবার লিগ শিরোপার সঙ্গে দুবার ফেডারেশন কাপ ও একবার স্বাধীনতা কাপ ঘরে তুলেছে দলটি। চলতি মৌসুমেও তারা রাজত্ব করে চলেছে।
প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে বসুন্ধরা কিংসের ধারেকাছেও কেউ নেই। পয়েন্ট টেবিল বলে দিচ্ছে বসুন্ধরা কিংস আসলেই ঢাকার ফুটবলের রাজা!
লিগের প্রথম পর্বের খেলা শেষ হয়েছে গত শনিবার। দশ ম্যাচের সবগুলো জিতে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। দ্বিতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেডের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৯। এবারই প্রথম প্রিমিয়ার লিগের মাঝামাঝিতে কোনো পয়েন্ট হারাল না শিরোপাধারীরা।
প্রথমবার ২০১৮-১৯ মৌসুমে ১৩ দলের লিগের প্রথম পর্বে একটি ম্যাচ ড্র করেছিল কিংস। ২০১৯-২০ মৌসুম করোনাভাইরাসের কারণে স্থগিত হয়। ২০২০-২১ মৌসুমেও প্রথম পর্বে একটি ম্যাচ ড্র করেছিল কিংসরা।
গত বছর ১২ দলের লিগের প্রথম পর্বে ১১ ম্যাচের ৮টিতে জিতলেও ড্র করেছিল দুটি, হেরেছিল একটি। দ্বিতীয় স্থানের আবাহনীর সঙ্গে প্রথম পর্ব শেষে ব্যবধান ছিল ৪ পয়েন্টের।
এবারের লিগের প্রথম পর্ব শেষে ১০ ম্যাচে আবাহনীর জয় ৬টি, ড্র তিনটি, হার একটি। কিংস গোল করেছে ২৩টি, এর মধ্যে ৯টিই করেছেন ডরিয়েল্টন গোমেজ। আবাহনী তাদের চেয়ে দুটি গোল বেশি করলেও হজম করেছে বেশি, ১০টি।
আবাহনীর ২৫ গোলের ৭টি নাইজেরিয়ান বংশোদ্ভূত এলিটা কিংসলের। বাংলাদেশিদের মধ্যে তার গোলই সর্বাধিক। এ ছাড়া ডরিয়েল্টনের সমান ৯ গোল শেখ জামালের বিদেশি কর্নেলিয়াস স্টুয়ার্টের।
সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে ডরিয়েল্টন ও স্টুয়ার্টই।