চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় নির্মিত দেশের সর্ববৃহৎ কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই এলাহী চৌধুরী,বীরবিক্রম।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শেষে এস.আলম গ্রুপের এসএস পাওয়ার প্ল্যান্ট কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেন তিনি।
তৌফিক-ই এলাহী বলেন,বাঁশখালী কয়লাবিদ্যুৎ প্রকল্প রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এ প্রকল্প দেশের বিদ্যুৎ খাতে বড় ধরনের অবদান রাখবে। প্রকল্পটি নির্মাণের ফলে বাঁশখালীর মানুষের ভাগ্য বদলে যাবে। বিদ্যুৎ কেন্দ্র চালু হলে দেশের বিদ্যুৎ ঘাটতি মেটানো ও বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে শত ভাগ বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এসএস পাওয়ার প্ল্যান্ট এর মত বিদ্যুৎ কেন্দ্র গুলো দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে সক্ষম হবে ।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. হাবিবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. মাহাবুবর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ
ফখরুজ্জামান, পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লি. (পিজিসিবি) এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া, বিদ্যুৎ বিভাগ পাওয়ার সেল এর মহাপরিচালক মো. হোসেন, খনিজ সম্পদ বিষয়ক উপসচিব সাইফুল ইসলাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, ডেপুটি প্রকল্প পরিদর্শক ও ইলেকট্রিক্যাল অ্যান্ড সাইড, এসএস পাওয়ার প্লান্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক দীপংকর মজুমদার প্রমুখ।